ডেস্ক: রাজধানীর পল্টন এলাকায় মাদক কারবারিদের ছোড়া গুলিতে পুলিশের দুই সদস্য আহত হওয়ার কথা জানা গেছে। তারা হলেন- ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ বিভাগের এএসআই আতিক হাসান ও কনস্টেবল সুজন।
গতকাল বুধবার রাত পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ডিবি লালবাগ বিভাগের সিনিয়র সহকারী কমিশনার এনায়েত কবির শোয়েব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানোর সময় হঠাৎ মাদক কারবারিরা আমাদের ওপরে গুলি চালায়। এতে আমাদের দুই পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন। ঢাকা মেডিকেলে তাদের চিকিৎসা চলছে।
ডিবি সূত্রে জানা যায়, সহকারী কমিশনার এনায়েত কবির শোয়েবের নেতৃত্বে ডিবির দল কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের বিপরীত পাশে মাদক কারবারিদের গাড়ির গতিরোধ করে। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে দু’জন পুলিশ গুলিবিদ্ধ হন। তাদের মধ্যে এএসআই আতিক হাসানের পেটের বাম পাশে এবং কনস্টেবল সুজনের বাম পায়ের হাঁটুতে গুলি লাগে। এ ঘটনায় মাদক কারবারিদের একটি প্রাইভেট কারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের এসআই মাসুদ আলম জানান, ডিবি পুলিশের গুলিবিদ্ধ দুই সদস্যকে রাতে হাসপাতালে আনা হয়।
