অনলাইন ডেস্ক
মানিকগঞ্জে লক্ষীপূজার মেলায় ছুরিকাঘাতে রাব্বী (১৫) নামের এক কিশোর নিহতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছেন পুলিশ।
রোববার (১২ অক্টোবর) দুপুরের দিকে এই বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার তদন্ত অফিসার মো. আমিনুল ইসলাম। এর আগে শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার পুটাইল গ্রামে লক্ষীপূজার মেলায় ছুরিকাঘাত করা হয় রাব্বীকে।
রাব্বী পুটাইল গ্রামের মানিক মিয়ার ছেলে সে পাশের গ্রামের কাফাটিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সনাতন ধর্মের লক্ষ্মীপূজার মেলায় আগত দুই পক্ষের কথা-কাটাকাটির জেরে এক পক্ষ রাব্বিকে ছুরিকাঘাতে আঘাত করে। এতে রাব্বী গুরুতর আহত হলে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মেলা কমিটির সভাপতি কাউছার হোসেন বলেন, ঘটনার সময় আমি মেলায় না থাকার কারণে হত্যাকাণ্ডের মূল ঘটনা জানি না। তবে শুনেছি মেলায় আগত দুই পক্ষের কথা-কাটাকাটির জেরে এই ঘটনা ঘটেছে। ঘটনা জানার পর আমি পুলিশকে বিষয়টি জানাই।
সদর থানার তদন্ত অফিসার মো. আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তবে এখনো এই হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। হত্যাকাণ্ডের মূল আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
