অনলাইন ডেস্ক ॥
নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি এলাকায় পূর্ববিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শনিবার (৩০ আগস্ট) রাত ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নেত্রকোনা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শানেওয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
তিনি জানান, সংঘর্ষে প্রথমে এক সাবেক ইউপি সদস্য নিহত হন। এ খবর ছড়িয়ে পড়লে তার সমর্থকরা প্রতিপক্ষের বাড়িঘরে হামলা চালান। এতে অন্তত ৬ জন আহত হন। আহতদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হলে রবিবার ভোরে আরও একজন মারা যান। পরে সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অপর একজনের মৃত্যু হয়।
এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং নতুন কোনো অস্থিতিশীলতা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
