কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সচেতন নাগরিক কমিটি (সনাক)। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে জেলা প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন ও ব্যবহারে নীতি-স্পষ্টতা, সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং কার্যকর বাস্তবায়ন এখন সময়ের দাবি। জ্বালানি খাতে সুশাসন নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন ও জলবায়ু সংকট মোকাবিলা সম্ভব নয় বলেও মত দেন বক্তারা।
এসময় জ্বালানি খাতে সুশাসন নিশ্চিতকরণ ও নবায়নযোগ্য জ্বালানির রূপান্তরে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য টিআইবি’র পক্ষ থেকে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের বিবেচনার জন্য ৯ দফা সুপারিশমালা উপস্থাপন করা হয়।
কর্মসূচিতে সনাক সদস্য একেএম সামিউল হক নান্টু ও রওশন আরা চৌধুরী, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, জেলা জলবায়ু পরিষদের সভাপতি চাষী নুরুন্নবী সরকার, টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর সৌমেন দাসসহ অনেকে বক্তব্য রাখেন।
মানববন্ধন শেষে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয়দের মাঝে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবসের ধারণাপত্র বিতরণ করেন টিআইবি’র ইয়েস সদস্যরা।
