অনলাইন ডেস্ক
কুমিল্লার মনোহরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে একটি ডাকাত দলের ১০ সদস্যকে আটক করা হয়েছে।
রবিবার রাতে উপজেলার ঝলম উত্তর ইউনিয়নের চৌরাইম গ্রাম থেকে স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, রবিবার রাত ১২টার দিকে চৌরাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে কয়েকজন ব্যক্তি ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা সেখানে গিয়ে ডাকাত দলের সদস্যদের ঘেরাও করেন এবং ১০ জনকে আটক করেন। পরে খবর পেয়ে মনোহরগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিদের হেফাজতে নেয়।
আটক ব্যক্তিরা হলেন— জোবায়ের হোসেন রকি (১৯), মো. পারভেজ (২৬), আব্দুল কাদের (২২), আব্দুল রাজিব (২০), নাহিদ হোসেন মুন্না (২০), নাজমুল হোসেন হৃদয় (২০), কাউসার আলম (২০), মো. রাসেল (২০), রায়হান (২০) ও আরমান মজুমদার (২০)।
পুলিশ জানায়, তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি চাপাতি, একটি জয়েন্ট পাইপ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া তাদের ব্যবহৃত দুটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।
মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা করা হয়েছে। সোমবার বিকেলে তাদের কুমিল্লার আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
