মোহাম্মদ ইদরীস
ব্রাহ্মণবাড়িয়া শহরের দীর্ঘদিনের প্রাণ, ঐতিহ্যবাহী টাউন খাল পুনরুদ্ধারে শুরু হয়েছে পুনঃখনন কার্যক্রম।
সোমবার (২৬ জানুয়ারি) সকালে এই কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। দীর্ঘদিন ধরে দখল ও বর্জ্যের কারণে মৃতপ্রায় এই খালটি শহরের জলাবদ্ধতা ও পরিবেশ বিপর্যয়ের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছিল। পরিদর্শন শেষে জেলা প্রশাসক জানান, শুধু খননই নয়, খালের দুই তীরে হাঁটার পথ, সবুজায়ন ও আলোকসজ্জার মাধ্যমে শহরটিকে একটি আধুনিক ও বাসযোগ্য নগরে রূপ দেওয়া হবে। ভবিষ্যতে দখল ও দূষণ রোধে কঠোর নজরদারির ঘোষণাও দেন তিনি।
প্রকল্পের মূল তথ্য সম্পর্কে জানা গেছে পৌরসভার উদ্যোগে প্রাথমিক বাজেট ধরা হয়েছে ২ লাখ ৫০ হাজার টাকা। এই কাজটি সম্পন্ন হবে ফকিরাপুল ব্রিজ থেকে তিতাস নদীর মোহনা পর্যন্ত। পরবর্থীতে টেন্ডারের মাধ্যমে পুরো ৫ কিলোমিটার খালজুড়ে ব্যাপক সংস্কার করা হবে।
এ সময় জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শরিফুল ইসলাম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ কাউছার আহমেদ, তরী বাংলাদেশ-এর আহ্বায়ক শামীম আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বীজন, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আল আমিন শাহীন, সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমনসহ জেলা ও পৌর প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যম নেতৃবৃন্দ। তারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে টেকসই ব্যবস্থাপনা ও অবৈধ দখলদার উচ্ছেদে জোরালো পদক্ষেপের দাবি জানান।
