গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং কাটাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়ের হাসান গোলাপকে গ্রেফতার করতে গিয়ে চার পুলিশ সদস্য হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় পুলিশ মামলা করে ছয়জনকে গ্রেফতার করেছে। মামলায় ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।
গ্রেফতাররা হলেন কাটাবাড়ি এলাকার আলাল হোসেনের ছেলে নুরুজ্জামান (৩০) ও মানিক মিয়া (২৭), একই এলাকার সৈয়দ তালাশের ছেলে সামিউল ইসলাম (২০), মৃত আসাদ দৌলার ছেলে হাবিবুর রহমান (৪০), মৃত আজহার আলীর ছেলে তাজুল ইসলাম (৩৪) ও আলতাফ হোসেনের ছেলে সুজন মিয়া (৩৬)।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক। এর আগে রবিবার রাতে উপজেলার বাগদা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সাড়ে আটটার দিকে নিজ বাড়িতে ইউপি চেয়ারম্যান জোবায়ের হাসান গোলাপকে গ্রেফতার করতে যায় পুলিশ। এ সময় বাড়ির ভেতরে পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে মারধর করা হয় এবং তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
হামলায় গোবিন্দগঞ্জ থানার এসআই সেলিম রেজা, এসআই শিবলী কায়েস মীর, এসআই মমিনুল ইসলাম ও কনস্টেবল হোসেন মিয়া আহত হন। পরে সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) এবিএম রশীদুল বারীর নেতৃত্বে একটি টহল দল এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পরে গোবিন্দগঞ্জ থানার এসআই আখতারুজ্জামান বাদী হয়ে মামলা করেন। মামলায় চেয়ারম্যান জোবায়ের হাসান গোলাপ ও তাঁর স্ত্রীসহ ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়।
ওসি মুহাম্মদ মোজাম্মেল হক জানান, গ্রেফতার ছয়জনকে সোমবার আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে মূল আসামি এখনও গ্রেফতার হয়নি।
