পাবনা প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়ায় প্রশাসনের অনুমতি না নিয়েই ফসলি জমির মাটি কেটে বিভিন্ন স্থানে বিক্রির অভিযোগ উঠেছে। গত কয়েক দিন ধরে দিনভর উপজেলা পারভাঙ্গুড়া ইউনিয়নের জগাতলা বাজারের পাশে পাথরঘাটা মাঠে চলছে এই কর্মযজ্ঞ। তবে উপজেলা প্রশাসন কিংবা জেলা প্রশাসনের কোনো অনুমতি গ্রহন করেনি।
খোঁজ নিয়ে দেখা যায়, তিন ফসলী এসব কৃষি জমিতে এস্কেভেটর দিয়ে ৫/৭ ফুট গভীর করে মাটি কেটে বিভিন্ন জায়গায় বিক্রয় করছেন। তারা প্রতি গাড়ির মাটি বিক্রয় করছেন দুরত্ব ভেদে ৭ শত থেকে এক হাজার টাকা। এসব মাটির বেশিরভাগ ক্রেতাই হলো বিভিন্ন ইট ভাটা।
স্থনীয়রা অভিযোগ করে জানান, পাথরঘাটা এলাকার মাটি ব্যবসায়ী শফি খাঁ ও পারভাঙ্গুড়া এলাকার ইউপি সদস্য হারুনের নেতৃত্বে স্থানীয় কতিপয় ব্যক্তিদের ম্যানেজ করেই ফসলী জমির টপ সয়েল কেটে বিক্রয়ের এই কাজ করছে। তারা কেউ উপজেলা প্রশাসন কিংবা জেলা প্রশাষনের লিখিত অনুমতি পত্র দেখাতে পারে নি। তবে মাটি ব্যবসায়ীরা বলেছেন যে, তারা মৌখিক অনুমতি নিয়েছেন।
তবে মাটি কাটার ওখানে শফি খাঁ ও হারুন মেম্বরকে না পেয়ে ঘটনার বিষয়ে জানতে মাটি ব্যবসায়ী দুই জনের মোবাইল ফোনে একাধিকবার ফোন দিয়েও তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি।
অনুমতি বিহীন ফসলী জমির মাটি কাটা ও স্তর পরিবর্তনের বিষয়ে সহকারি কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, বিষয়টা তিনি জানে না তবে খোঁজ নিয়ে দেখবেন বলেও জানান তিনি।
এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস কুমার পাল বলেন আমি খোঁজ খবর নিয়ে আইনগত ব্যাবস্থা গ্রহন করবো।
