অনলাইন ডেস্ক
ইউরোপের ২৭ দেশের জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে ঐতিহাসিক একটি মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মঙ্গলবার ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি। অনুষ্ঠানে ইউরোপীয় কাউন্সিলের সভাপতি অ্যান্তোনিও কস্তা ও ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডের লেইন উপস্থিত ছিলেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “প্রায় দুই দশক ধরে আলোচনার পর ইউরোপীয় ইউনিয়ন ও ভারতের মধ্যে একটি বড় চুক্তি স্বাক্ষরিত হয়েছে।”
মোদি দাবি করেন, “বিশ্বজুড়ে মানুষ এটিকে ‘সব চুক্তির মাতা’ বলছে। এই চুক্তি ভারতের ১.৪ বিলিয়ন মানুষ ও ইউরোপের লাখ লাখ মানুষের জন্য বড় সুযোগ নিয়ে আসবে। চুক্তিটি বিশ্বব্যাপী জিডিপির ২৫ শতাংশ এবং বিশ্ব বাণিজ্যের এক-তৃতীয়াংশের প্রতিনিধিত্ব করে।”
মোদির মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্থিতিশীল সম্পর্কের বিপরীতে নিজেদের সুরক্ষিত রাখতেই ভারত ও ইউরোপীয় ইউনিয়ন এই পদক্ষেপ নিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ভারত-ইইউ শীর্ষ সম্মেলনে মোদি এবং ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেইন চুক্তির বিস্তারিত তথ্য নিয়ে একটি যৌথ ঘোষণা দেবেন বলে ধারণা করা হচ্ছে।
ইইউ গত বছর ইন্দোনেশিয়া, মেক্সিকো ও সুইজারল্যান্ডের সঙ্গে বাণিজ্য চুক্তির পর, সম্প্রতি দক্ষিণ আমেরিকান জোট মারকোসুরের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করার কয়েকদিন পরেই এবার ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করল।
এদিকে ভারতও একই সময়ে যুক্তরাজ্য, নিউজিল্যান্ড ও ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত করেছে।
