অনলাইন ডেস্ক
একদিনে ৭৫টি ট্রেনে অভিযান চালিয়ে টিকিটবিহীন ২ হাজার ১৫৩ জন যাত্রীকে শনাক্ত করেছে বাংলাদেশ রেলওয়ে। তাদের কাছ থেকে ভাড়াসহ জরিমানা আদায় হয়েছে মোট ৪ লাখ ৭৭ হাজার ৮৫ টাকা।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বাংলাদেশ রেলওয়ের ভেরিফায়েড পেজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।
বার্তায় বলা হয়, সোমবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে পরিচালিত অভিযানে মোট ১০০ জন টিটিই কাজ করেছেন। তারা ৭৫টি ট্রেনে টিকিট–পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এতে টিকিটবিহীন ভ্রমণকারী শনাক্ত হয়েছেন মোট ২ হাজার ১৫৩ জনকে।
অভিযানে মোট ভাড়া আদায় হয়েছে ৩ লাখ ৩০ হাজার ৮৩০ টাকা এবং জরিমানা আদায় হয়েছে ১ লাখ ৪৬ হাজার ২৫৫ টাকা। এতে সব মিলিয়ে রেলওয়ের আয় দাঁড়িয়েছে ৪ লাখ ৭৭ হাজার ৮৫ টাকা। ওইদিন মোট ২ হাজার ৪৪১টি টিকিট যাচাই করা হয়।
