অনলাইন ডেস্ক
ঘরের ভেতর খেলার সময় দুই শিশুর মধ্যে একজন ভুলবশত দরজার ছিটকিনি আটকে দিয়েছিল। এরপর দরজা খুলতে না পেরে শুরু হয় কান্না।
তাদের বের করতে না পেরে, ফায়ার সার্ভিসের সহযোগিত নেয় অভিবাবকরা। পরে দরজা কেটে শিশুদের উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।
শুক্রবার (৩০ জানুয়ারি) চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের কবিরের দোকান এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া শিশুদের একজনের বয়স ৩ বছর, আরেকজনের বয়স দেড় বছর। তারা মো. ইসমাইলের মেয়ে।
শিশুদের বাবা মো. ইসমাইল বলেন, আমার দুই মেয়ে ঘরের ভেতর ছিল। খেলতে গিয়ে বড় মেয়ে দরজার ছিটকিনি লাগিয়ে দেয়। এরপর খুলতে না পারায় কান্নাকাটি শুরু করে। ওদের মা এবং আমি ওইসময় ঘরের বাইরে কাজ করছিলাম। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে সন্তানদের উদ্ধার করে।
আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশন লিডার মো. মুজিবুর রহমান বলেন, দুই শিশু ঘরের ভেতর আটকে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করা হয়। শিশুরা ভয় পেয়েছিল, তবে তাদের কোনও ক্ষতি হয়নি।
