অনলাইন ডেস্ক
আবার সেই পুরনো হুমকিরই পুনরাবৃত্তি করল ইরান। ইসরায়েল ও আমেরিকার সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ইরানের সেনাপ্রধান বলেছেন, আমাদের হাত ট্রিগারেই আছে।
ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল আমির হাতামি। শনিবার সশস্ত্র বাহিনীর তরুণ সৈনিকদের এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি বলেন, ইরানের সেনাবাহিনী যেকোনো সামরিক সংঘাত মোকাবিলায় এখন সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে। শত্রু পক্ষের যেকোনো ভুল পদক্ষেপ বা ভুল হিসাবনিকাশ কেবল তাদের নিজেদের নিরাপত্তাই বিঘ্নিত করবে না, বরং সমগ্র অঞ্চলে চরম অস্থিরতা সৃষ্টি করবে।
জেনারেল হাতামি বলেন, শত্রুদের প্রতিটি পদক্ষেপ এখন ইরানের গোয়েন্দা নজরদারিতে রয়েছে। তাদের অসৎ উদ্দেশ্য সম্পর্কে তেহরান সম্পূর্ণ অবগত।
তিনি বলেন, ইরানের আঙুল এখনো ট্রিগারেই আছে। শত্রুর যেকোনো ভুল পদক্ষেপে ইরান বিন্দুমাত্র দ্বিধা না করে পাল্টা আঘাত হানবে।
সেনাপ্রধানের মতে, এ ধরনের পরিস্থিতিতে দখলদার জায়নবাদী ইসরায়েল এবং তাদের মিত্র বাহিনীর নিরাপত্তা চরম ঝুঁকির মুখে পড়বে। গত বছরের ১২ দিনের যুদ্ধের অভিজ্ঞতা ইরানের সামরিক শক্তিকে নতুন উচ্চতায় নিয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইরান এখন আগের চেয়ে বহুগুণ শক্তিশালী।
সূত্র: প্রেস টিভি
