নিজস্ব প্রতিবেদক॥
বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব জাকারিয়া কাজল এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন-রেজি:নং-মৌল.০৩১।
এক শোক বিবৃতিতে সংগঠনের সভাপতি দীপক চৌধুরী বাপ্পী ও সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ বলেন, জাকারিয়া কাজলের মৃত্যুতে সাংবাদিক সমাজ একজন বরেণ্য সাংবাদিককে হারালো। তার এই চলে যাওয়া সাংবাদিক সমাজের জন্য অপূরণীয় ক্ষতি। জাকারিয়া কাজলের বিদেহী আত্নার শান্তি কামনা করে শ্রদ্ধা জানিয়ে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানান বিইউজে নেতৃবৃন্দ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের অধিকার আদায় ও মর্যাদা রক্ষার লড়াইয়ে জাকারিয়া কাজল ছিলেন সাহসী এবং আপোষহীন নেতা। তার এই চলে যাওয়ায় আমরা হারিয়েছি দীর্ঘদিনের আন্দোলন, সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দেওয়া একজন নেতাকে। এই অভাব কখনো পূরন হবার নয়।
উল্লেখ্য,গত শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে ৬৭ বছর বয়সী জাকারিয়া কাজল ধানমণ্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবত লিভার, কিডনি, হৃদরোগ এবং ডায়াবেটিসহ শারিরীক নানা জটিলতায় ভুগছিলেন।
