নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত হানিফ মোড় এলাকায় শেখ জামিল হোটেলে রমজান মাসে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেখানে মাত্র ৩০ টাকায় মুরগি বিরিয়ানি বিক্রি করা হচ্ছে। স্বল্পমূল্যে মানসম্মত খাবারের এমন আয়োজন রমজানে সাধারণ মানুষের মাঝে স্বস্তি এনে দিয়েছে। হোটেলটিতে রিকশাচালক, শ্রমজীবী মানুষ, শিক্ষার্থী, পথচারী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিরিয়ানি কিনতে আসছে।
শেখ জামিল হোটেলের মালিক জামিল হোসেন বলেন, রমজান মাসে নিম্নআয়ের মানুষের কথা চিন্তা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ বিরিয়ানি প্রস্তুত করা হচ্ছে এবং যতক্ষণ মজুত থাকে, ততক্ষণ পর্যন্ত বিক্রি চলছে। দুপুর গড়াতেই দীর্ঘ লাইন দেখা যায় ক্রেতাদের।
তিনি আরও বলেন, ১১ মাস ব্যবসা করি নিজের জন্য। আর এই এক মাস আল্লাহর সন্তষ্টির জন্য। এই মাসে লাভের চিন্তা করিনা। বিশ্বাস করি, আল্লাহ অন্যভাবে পূরণ করে দেবেন। এখানে মাত্র ৩০ টাকায় ৪ পিস ব্রয়লার মুরগির মাংস দিয়ে পাওয়া যাচ্ছে সুস্বাদু বিরিয়ানি।
স্থানীয়রা বলছেন, বর্তমান বাজার পরিস্থিতিতে ৩০ টাকায় মুরগি বিরিয়ানি সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন। রমজানের পবিত্রতায় মানবিকতার এমন দৃষ্টান্ত সৈয়দপুরবাসীর কাছে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।
