মোহাম্মদ ইদরীস
তুরস্কে গ্যাস সিলিন্ডার লিকেজজনিত অক্সিজেন স্বল্পতায় শ্বাসরুদ্ধ হয়ে ব্রাহ্মণবাড়িয়ার বাবা-ছেলেসহ তিন প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৪ মার্চ) ভোর আনুমানিক ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মেড্ডা গ্রামের তারেক মিয়া (৪৫) ও তার ছেলে সাব্বির (২২)। এ ঘটনায় ফেনী জেলার আরও এক যুবক প্রাণ হারিয়েছেন এবং নিহতের ভাতিজা লিটন (২৬)। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।
পারিবারিক সূত্রে জানা যায়, তারা তুরস্কের একটি ভবনের আন্ডারগ্রাউন্ড কক্ষে একত্রে বসবাস করতেন। মঙ্গলবার রাতে সেহরি খেয়ে ঘুমানোর পর সম্ভবত সিলিন্ডার থেকে গ্যাস লিক হয়ে কক্ষে অক্সিজেনের সংকট তৈরি হয়। এতে ঘুমন্ত অবস্থাতেই তাদের মৃত্যু ঘটে। বর্তমানে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য স্থানীয় একটি হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।
জীবিকার সন্ধানে ১৪ বছর আগে তুরস্কে পাড়ি জমান তারেক মিয়া এবং দেড় বছর আগে তার একমাত্র ছেলে সাব্বিরকেও সেখানে নিয়ে যান। এমন আকস্মিক শোকের খবরে পরিবার ও এলাকায় মাতম চলছে। নিহতদের স্বজনরা দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের জরুরি সহযোগিতা কামনা করেছেন।
