অনলাইন ডেস্ক
অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে ছেলে গ্রেপ্তার হওয়ার ঘটনায় দলের ভাবমূর্তি রক্ষার কথা উল্লেখ করে পদ ছাড়লেন সিলেট মহানগরের ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুমান আহমদ।
বুধবার সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির কার্যালয়ে গিয়ে তিনি দলীয় পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেন। অব্যাহতিপত্রে তিনি নিজের ছেলেকে নির্দোষ দাবি করেছেন।
অব্যাহতি পত্রে রুমান আহমদ উল্লেখ করেন, তিনি মনেপ্রাণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ ও নিয়ম লালন করেন। গত ৭ মার্চ একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় তার ছেলেকে পুলিশ গ্রেপ্তার করেছে। যদিও তার দাবি, তার সন্তান সম্পূর্ণ নির্দোষ।
চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, একজন দায়িত্বশীল কর্মী হিসেবে তার ব্যক্তিগত বা পারিবারিক কোনো কারণে দলের ভাবমূর্তি নষ্ট হোক, তা তিনি চান না। এই নৈতিক অবস্থান থেকেই তিনি ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতির সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে যদি তার ছেলে নির্দোষ প্রমাণিত হয়, তবে ভবিষ্যতে দল যেন তাকে পুনরায় পদে ফেরার বিষয়ে বিবেচনা করে।
উল্লেখ্য, অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে গত ৭ মার্চ নগরীর তাঁতীপাড়ার একটি বাসা থেকে কিশোর গ্যাংয়ের ১০ সদস্যকে আটক করে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আটক ব্যক্তিদের মধ্যে রুমান আহমদের ছেলে ফারদিনও ছিলেন।
