নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ধর্মপুর গ্রামে নিখোঁজের একদিন পর তাহছিন ইসলাম নূর (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে স্থানীয় একটি মসজিদের পুকুর থেকে তার মরদেহ ভেসে উঠলে পরিবার ও স্থানীয়রা উদ্ধার করেন।
পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০টার পর থেকেই তাহছিন নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে পরিবারের পক্ষ থেকে কসবা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।পরে এলাকাবাসীর মুখে কিছু কথা শোনার পর তাহছিনের বাবা-মা সন্দেহবশত মসজিদের পুকুরে রাতভর খোঁজ করতে থাকেন। অবশেষে বৃহস্পতিবার ভোরে পুকুরে ভেসে ওঠা মরদেহটি উদ্ধার করা হয়।তাহছিন ইসলাম নূর আখাউড়া উপজেলার টান মান্দাইল গ্রামের খাইরুল ইসলাম বাবুর ছেলে। সে ধর্মপুর পূর্বপাড়ার মৃত আব্দুস সামাদ ওরফে চেমু মিয়ার মেয়ে আকলিমা আক্তারের একমাত্র সন্তান।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
