নিজস্ব প্রতিবেদক
জেলার শিশু-কিশোরদের টাইফয়েড থেকে সুরক্ষায় বিনামূল্যে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার (১২ অক্টোবর) সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শংকর কুমার বিশ্বাস, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন অফিসের এসআইএমও ডা. সুবল চন্দ্র সাহা, হেলথ সুপারিনটেনডেন্ট মো. মনিরুল ইসলামসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। প্রাথমিক পর্যায়ে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ১৫ বছরের কম বয়সী শিক্ষার্থীদের মাঝে এই টিকা প্রদান করা হচ্ছে। পর্যায়ক্রমে টিকাদান কেন্দ্রগুলোর মাধ্যমে সকল উপযুক্ত শিশুকে এই টিকার আওতায় আনা হবে।
সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া জানান, “দেশব্যাপী টিকাদান কর্মসূচির অংশ হিসেবেই ব্রাহ্মণবাড়িয়ায় টাইফয়েডের টিকাদান শুরু হয়েছে। ৯ মাস বয়স থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ১২ লাখ শিশু, কিশোর ও কিশোরীকে এই কর্মসূচির আওতায় আনা হবে।”
তিনি আরও জানান, জন্মসনদ না থাকলেও কেউ যাতে টিকাদান থেকে বাদ না পড়ে, সেজন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
উল্লেখ্য: টাইফয়েড একটি ব্যাকটেরিয়া জনিত সংক্রামক রোগ, যা শিশুদের মধ্যে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ। সময়মতো টিকা গ্রহণ এই রোগ প্রতিরোধে অত্যন্ত কার্যকর।
