ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের সদস্য লার্স প্রাগমান ও মায়া হুরলিমান ব্রাহ্মণবাড়িয়া-০২ আসনের স্বতন্ত্রপ্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সরাইল উপজেলার শাহবাজপুরে তাঁর নিজ বাসভবনে অনুষ্ঠিত এ সাক্ষাতে জাতীয় সংসদ নির্বাচন-২০২৬-এর সার্বিক প্রস্তুতি, নির্বাচনী পরিবেশ, ভোটারদের অংশগ্রহণ, প্রার্থীদের সমান সুযোগ নিশ্চিতকরণ এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
ইইউ পর্যবেক্ষক দলের সদস্য লার্স প্রাগমান বলেন, বাংলাদেশের আসন্ন নির্বাচন আন্তর্জাতিক পরিসরেও গুরুত্ব পাচ্ছে। মাঠপর্যায়ে বিভিন্ন অংশীজনের সঙ্গে কথা বলে বাস্তব পরিস্থিতি মূল্যায়ন করা হচ্ছে, যাতে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা সম্পর্কে নিরপেক্ষ ধারণা পাওয়া যায়। অপর পর্যবেক্ষক মায়া হুরলিমান বলেন, ভোটারদের নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা এবং নির্বাচনী আচরণবিধির বাস্তবায়ন তাদের পর্যবেক্ষণের মূল কেন্দ্রবিন্দু।
ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, গণতন্ত্রের মূল শক্তি হলো ভোটাধিকার। একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে দেশি-বিদেশি পর্যবেক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে—এটাই সবার কাম্য। তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়া-০২ আসনের ভোটাররা সচেতন ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী; সুষ্ঠু পরিবেশ বজায় থাকলে তারা নির্ভয়ে ভোট দিতে পারবেন বলে তিনি আশাবাদী।
সাক্ষাৎটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং উভয় পক্ষই গণতান্ত্রিক ধারাবাহিকতা ও নির্বাচনী স্বচ্ছতা রক্ষায় পারস্পরিক সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেন বলে উপস্থিত নেতাকর্মীরা জানান।
