অনলাইন ডেস্ক
যেকোনো সময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর আলাদা ভাগ করার ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব আব্দুল কুদ্দুস। ভোলা জেলা শিল্পকলা একাডেমির হলরুমে অনুষ্ঠিত শিক্ষার গুণগত মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
উপসচিব আরও বলেন, কাজের সুবিধার জন্য এটিকে স্কুল এবং কলেজ এই দুই ভাগে ভাগ করা হচ্ছে। এ নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে কাজ চলছে। এছাড়া অচিরেই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বদলির কার্যক্রম শুরু হতে যাচ্ছে বলেও জানান তিনি।
সভায় বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, দেশের মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পাঠদানের সময়সূচিতেও পরিবর্তন আনা হচ্ছে। সকাল ১০টা থেকে ক্লাস শুরু হলে দুপুরে বিরতি দিতে হয়। তখন শিক্ষার্থীদেরকে আর ধরে রাখা যায় না। তাই সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত পাঠদানের সময়সূচি নির্ধারণ করা হলে ভাল হয়।
এ সময় আরও বক্তব্য রাখেন বরিশাল শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর আবদুস সালাম, পরীক্ষা নিয়ন্ত্রক জি.এম শহিদুল ইসলাম, কলেজ পরিদর্শক মো. জসিম উদ্দিন, স্কুল পরিদর্শক মো. সাইফুর রহমান হাওলাদার, বোর্ডের উপসচিব আবুল বাশার হাওলাদার, ভোলা সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর আব্দুল গফুর, ভোলা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল মান্নানসহ অনেকে। সভায় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি স্কুল ও কলেজের প্রধানরা উপস্থিত ছিলেন।
