আখাউড়া সংবাদদাতা॥
শীতের সকালটা আজ যেন একটু অন্যরকম মায়ার ছোঁয়ায় শুরু হলো ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়। রাজনীতির মাঠ যখন উত্তপ্ত, ঠিক তখনই এক রাশ স্নিগ্ধতা আর গভীর ভালোবাসা নিয়ে বাবার জন্য আশীর্বাদ চাইতে রাজপথে নামলেন সাবেক এমপি ও বিএনপি মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের মেয়ে মেহভীন রহমান মুনিয়া। তবে তিনি একা নন, জীবনসঙ্গী আশফাক জামিল রহমান আর আদরের সন্তান তারিফ রহমানকে সাথে নিয়েই নেমেছেন নির্বাচনী লড়াইয়ের এই কঠিন পথে। তিন প্রজন্মের এই মেলবন্ধন ভোটারদের হৃদয়ে এক অন্যরকম আবেগ ছুঁয়ে গেছে।
সম্প্রতি একদিন সকাল থেকে বিকেল পর্যন্ত মেহভীন রহমান মুনিয়া চষে বেড়িয়েছেন আখাউড়া পৌরশহরের সড়ক বাজার, খড়মপুর আর আজমপুরের অলিগলি। হাতে বাবার প্রতীক ‘ধানের শীষ’-এর লিফলেট, মুখে বিনয়ী হাসি আর চোখে বাবার জন্য এক বুক স্বপ্ন। আজমপুর বাজারে যখন তিনি নিজের ছোট ছেলেকে নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছিলেন, তখন অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ তাকে মাথায় হাত দিয়ে দোয়া করে দেন। নেতার মেয়ে নয়, বরং ঘরের সন্তানের মতো করে তাকে গ্রহণ করে নেন স্থানীয়রা।
বিকেলে সড়ক বাজারের ব্যস্ত দোকানে দোকানে গিয়ে যখন মুনিয়া ভোট চাইছিলেন, তখন তার আবেগঘন কণ্ঠে ঝরে পড়ছিল বাবার প্রতি অকৃত্রিম শ্রদ্ধা। তিনি বলেন:
“মানুষের যে ভালোবাসা আমি পাচ্ছি, তাতে আমি সত্যিই অভিভূত ও কৃতজ্ঞ। আমার বাবা এই মাটিরই মানুষ, তাকে আপনারা চেনেন। আজ যখন দেখি তরুণেরা উৎসাহ নিয়ে এগিয়ে আসছে, তখন ভরসা পাই যে মানুষ এখনো বাবার ওপর আস্থা রাখছে।”
মুনিয়ার এই পদচারণা কেবল সাধারণ ভোটারদেরই নয়, বরং ঝিমিয়ে পড়া নেতাকর্মীদের মাঝেও নতুন প্রাণের সঞ্চার করেছে। তাকে দেখে অনেকে সেলফি তুলতে এগিয়ে আসেন, কেউবা শোনান মুশফিকুর রহমানের পুরনো দিনের কাজের স্মৃতি। বাবার অসমাপ্ত স্বপ্নগুলো পূরণ করতেই এই দীর্ঘ পথচলা—মুনিয়ার চোখেমুখে ছিল সেই সংকল্পই। দিনভর এই প্রচারণায় তার পাশে ছায়ার মতো ছিলেন জেলা ও উপজেলা বিএনপির একঝাঁক নিবেদিতপ্রাণ নেতা-কর্মী, যারা ‘ধানের শীষ’ স্লোগানে মুখরিত করে রেখেছিলেন পুরো রাজপথ। দিনশেষে মেহভীন রহমান মুনিয়া কেবল ভোটই চাননি, চেয়েছেন বাবার জন্য সবার দোয়া ও ভালোবাসা।
