অনলাইন ডেস্ক
ঘটনটি ভারতের। দেশটির উত্তরপ্রদেশের বান্দা জেলায় সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য রিল-ভিডিও বানাতে গিয়ে ফাঁসিতে ঝুলে দুর্ঘটনাবশত প্রাণ হারিয়েছেন ২৭ বছর বয়সী এক তরুণী।
শনিবার পারিবারিক সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, নিহত ওই তরুণীর নাম মোহিনী। বাড়ির ভেতরে একটি রিল-ভিডিওর শুটিং করার সময় তিনি ফাঁসিতে ঝোলার একটি দৃশ্য তুলে ধরে অভিনয় করছিলেন। দৃশ্যটিকে বাস্তবসম্মত দেখাতে মোহিনী নিজের গলায় দড়ির ফাঁস লাগিয়ে একটি টুলের ওপর দাঁড়ান এবং মোবাইল ফোনে ভিডিও রেকর্ড করতে শুরু করেন। কিন্তু মুহূর্তের মধ্যেই পরিস্থিতি মর্মান্তিক রূপ নেয়।
প্রতিবেদনে বলা হয়, পা পিছলে গিয়েছিল নাকি ভারসাম্য হারিয়েছিলেন মোহিনী, তা স্পষ্ট নয়। তবে অভিনয়ের সেই দৃশ্যই বাস্তব দুর্ঘটনায় পরিণত হয়। দড়ির ফাঁস শক্ত হয়ে গলায় চেপে বসে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই তার মৃত্যু হয়।
মোহিনীর চার বছর বয়সী মেয়ে ঘরে ঢুকে মাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এতে আতঙ্কিত হয়ে শিশুটি চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসেন। ঘরে ঢুকে তারা যে দৃশ্য দেখেন, তাতে সবাই হতবাক হয়ে যান।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তারা মরদেহ দড়ি থেকে নামিয়ে হেফাজতে নেয় এবং ময়নাতদন্তের জন্য পাঠায়।
পুলিশ কর্মকর্তারা জানান, ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা নয়, বরং রিল বানানোর সময় ঘটে যাওয়া একটি দুর্ঘটনা বলেই ধারণা করা হচ্ছে।
এই ঘটনা আবারও সোশ্যাল মিডিয়ার জন্য ঝুঁকিপূর্ণ কনটেন্ট তৈরির প্রবণতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। সূত্র: এনডিটিভি
