মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনী উপজেলায় একটি ভোটকেন্দ্রের অদূরে সন্দেহজনক ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হিজলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা স্বপন আলী জানান, ভোটকেন্দ্র থেকে প্রায় ১০০ গজ দূরে ঈদগাহ মাঠের গ্রিলের সঙ্গে ঝোলানো একটি লাল শপিং ব্যাগে সন্দেহজনক বস্তুটি দেখা যায়। ব্যাগের ভেতর তুলার মধ্যে কালো স্কচটেপে মোড়ানো বস্তুটি দেখে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে গাংনী থানায় খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বালতির পানিতে বস্তুটি ডুবিয়ে নিরাপদে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
গাংনী থানার ওসি উত্তম কুমার দাস জানিয়েছেন, কে বা কারা কেন এটি সেখানে রেখেছে তা এখনও নিশ্চিত করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মঙ্গলবার রাতের কোনো এক সময় বস্তুটি সেখানে রাখা হয়।
ওসি বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।’
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে, তবে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
