অনলাইন ডেস্ক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে গোপালগঞ্জের তিনটি আসনের বিভিন্ন কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের অডিটোরিয়াম থেকে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে ব্যালট পেপার, গণভোটের ব্যালট, অমোচনীয় কালিসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হচ্ছে।
সরঞ্জাম গ্রহণের পর আনসার ও পুলিশ সদস্যদের নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা সেগুলো নিজ নিজ ভোটকেন্দ্রে নিয়ে যাচ্ছেন। জেলার পাঁচটি উপজেলার উপজেলা পরিষদ কার্যালয় থেকেও পর্যায়ক্রমে এসব নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হচ্ছে।
জেলার তিনটি আসনের পাঁচটি উপজেলা ও চারটি পৌরসভায় মোট ৩৯৭টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ১২টি কেন্দ্র বাদে বাকি ৩৮৫টি কেন্দ্রকে ‘অতিগুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
