অনলাইন ডেস্ক
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ প্রশাসন। বৃহস্পতিবার ভোট অনুষ্ঠিত হওয়ার আগে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার সকাল থেকে উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর ব্লকের বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়। তেঁতুলিয়া কংক্রিট ব্রিজ এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি চালায় স্বরূপনগর থানার পুলিশ। জানানো হয়েছে, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত এই অভিযান চলবে।
বুধবারও হিঙ্গলগঞ্জ থানার অধীন সীমান্তসংলগ্ন সড়ক ও কালিন্দী এবং ইছামতি নদীপথে একযোগে নজরদারি জোরদার করা হয়। লেবুখালির ভেসেল ঘাটসহ একাধিক গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশি চালানো হয়।
সীমান্তমুখী বিভিন্ন প্রবেশপথে ব্যারিকেড বসিয়ে গাড়ি ও মোটরবাইক থামিয়ে কাগজপত্র পরীক্ষা করা হচ্ছে। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং নদীপথ ও স্থলপথ উভয় দিকেই নজরদারি বাড়ানো হয়েছে। বেআইনি অনুপ্রবেশ, অস্ত্র বা নিষিদ্ধ সামগ্রী পাচার এবং দুষ্কৃতীদের গতিবিধি ঠেকাতেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এছাড়া সীমান্তমুখী সড়ক ও অপরাধপ্রবণ এলাকাগুলোতে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফও কড়া নজরদারি চালাচ্ছে। সীমান্তবর্তী এলাকার আবাসিক হোটেলগুলোতেও তল্লাশি অভিযান পরিচালনা করছে বসিরহাট পুলিশ জেলা।
