নিজস্ব প্রতিবেদক॥
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর প্লাবনভূমি ও কৃষিজমি বেআইনিভাবে বালু ভরাট করার অভিযোগে দুই নির্মাণশ্রমিককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার বিকেলে শহরতলীর শিমরাইলকান্দি এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাসরিনের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। জানা গেছে, বিজয়নগর উপজেলার বিল্লাল মিয়া ওই এলাকার প্রায় ৭৫ শতাংশ কৃষিজমি ও নদীর প্লাবনভূমি দখল করে স্থাপনা নির্মাণের কাজ করছিলেন। অভিযানের সময় মূল অভিযুক্ত জমির মালিককে না পাওয়ায় সাইটে কর্মরত শ্রমিক শেখ সিরাজুল ইসলাম অপু ও মো. রাহুলকে আটক করা হয়। আদালত এই অপরাধের দায়ে সংশ্লিষ্টদের পাঁচ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং অনাদায়ে কারাদণ্ডের আদেশ দেন। তবে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করতে না পারায় এবং কোনো জামিনদার উপস্থিত না থাকায় আটককৃতদের সদর উপজেলা ভূমি অফিসে নিয়ে যাওয়া হয়। পরিবেশ ও নদী রক্ষায় জেলা প্রশাসনের এই কঠোর অবস্থান স্থানীয় মহলে প্রশংসিত হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, কৃষি জমি ও নদীর গতিপথ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।
