মোহাম্মদ ইদরীস॥
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় তিতাস নদীর শাখা নদী ‘দুগাংগী’তে অবৈধ দখল ও নিষিদ্ধ জালের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সিমনা সড়কের দ্বিতীয় সেতুর নিচ দিয়ে প্রবাহিত এই নদীতে অভিযান চালিয়ে দুটি আড়াআড়ি বাঁধ উচ্ছেদ এবং ৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারি রিং জাল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে মৎস্য সম্পদ রক্ষা ও নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে কঠোর অবস্থান নেয় প্রশাসন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শিমুল রানী পাল, ক্ষেত্র সহকারী মোহাম্মদ হামিদুল হক এবং মৎস্য দপ্তরের অন্যান্য সংশ্লিষ্ট কর্মচারীরা।
অভিযান চলাকালে আরও উপস্থিত ছিলেন জেলা নদী কমিটির সদস্য ও পরিবেশবাদী সংগঠন ‘তরী বাংলাদেশ’-এর আহ্বায়ক শামীম আহমেদ এবং সদস্য সোহেল রানা ভূঁইয়া। অভিযান শেষে শামীম আহমেদ সংবাদমাধ্যমকে জানান, জেলা নদী রক্ষা কমিটির মাসিক সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে আজকের এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, নদীতে দেশীয় প্রজাতির মাছ ও জলজ প্রাণীর অস্তিত্ব রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে প্রশাসনের এই ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদী। মূলত অবৈধ বাঁধ ও নিষিদ্ধ জালের কারণে নদীর স্বাভাবিক বাস্তুসংস্থান হুমকির মুখে পড়ায় জনস্বার্থে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
