আলিফ আহমেদ রাজীব, পিরোজপুর প্রতিনিধি:
“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের নাজিরপুর উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়।
সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও স্থানীয় সুধীজন অংশগ্রহণ করেন।
র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া শাহনাজ তমা। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগে থেকেই সচেতনতা ও প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্যোগের সময় ক্ষয়ক্ষতি কমাতে সকলকে একযোগে কাজ করতে হবে এবং তরুণদের এগিয়ে আসতে হবে।
সভায় আরও বক্তব্য রাখেন নাজিরপুর প্রেসক্লাবের সভাপতি কে এম সাঈদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সালাউদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম লিটন এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা মোঃ রুবেল হোসেনসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ হওয়ায় দুর্যোগ মোকাবিলায় সবাইকে সচেতন থাকতে হবে। বিশেষ করে ঘূর্ণিঝড়, বন্যা ও অগ্নিকাণ্ডের মতো দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে পূর্বপ্রস্তুতি এবং জনসচেতনতার বিকল্প নেই।
আলোচনা সভা শেষে উপস্থিতদের নিয়ে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় অগ্নিকাণ্ডের সময় কীভাবে দ্রুত ও সঠিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা যায় এবং নিরাপদে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা যায় সে বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচির মাধ্যমে দুর্যোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজকে দুর্যোগ মোকাবিলায় সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়।
