মোহাম্মদ ইদরীস:
পরিবেশের ভারসাম্য নষ্ট করে এবং আইন অমান্য করে ফসলি জমি ও জলাশয় ভরাটের বিরুদ্ধে আপসহীন অবস্থান নিয়েছে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রশাসন। আজ বুধবার বাসুদেব ইউনিয়নের এগারো পুকুর পাড় এলাকায় এক বিশেষ মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অবৈধ বালু ভরাট কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
অভিযান চলাকালীন দেখা যায়, একদল অসাধু চক্র নিয়ম-নীতির তোয়াক্কা না করে নাল ও ডোবা শ্রেণীর ভূমি অবৈধভাবে বালু দিয়ে ভরাট করছে। প্রকৃতির এই ক্ষত নিরাময়ে তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে প্রশাসনের পক্ষ থেকে প্রায় ২০০০ ফুট সরবরাহ পাইপ এবং ০৪ টি ড্রেজার মেশিন সম্পূর্ণভাবে বিনষ্ট করে দেওয়া হয়। যান্ত্রিক এই দানবগুলো দিয়ে দীর্ঘ সময় ধরে এলাকার পরিবেশগত বিপর্যয় ঘটানো হচ্ছিল।
এরপর কোড্ডা এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬(ঙ) ধারা লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট পক্ষকে ৪০,০০০ টাকা জরিমানা করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন এই অভিযান পরিচালনা করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ফসলি জমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। লোভের বশবর্তী হয়ে যারা মাটির বুক চিড়ে প্রকৃতি ধ্বংস করছে, তাদের জন্য আজকের এই পদক্ষেপ এক সতর্কবার্তা। আমরা যদি আজ আমাদের জলাশয় আর আবাদি জমি রক্ষা করতে না পারি, তবে ভবিষ্যৎ প্রজন্ম এক ভয়াবহ সংকটের সম্মুখীন হবে।
