অনলাইন ডেস্ক
গাজীপুরের টঙ্গীতে এক তরুণীকে (১৮) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৪ মার্চ) সকালে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- জামান মণ্ডল (৩০), মো. হাবিবুল্লাহ (২৪) ও তামিম খান (২০)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী প্রায় এক মাস আগে ঢাকার মিরপুর-১ এলাকায় তার পিতার বাসায় বেড়াতে যান। সেখানে পাশের বাসার ভাড়াটিয়া তামিম খানের সঙ্গে তার পরিচয় হয় এবং পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রলোভন দেখিয়ে গত মঙ্গলবার (২৪ মার্চ) রাত আনুমানিক ১০টার দিকে তামিম তাকে টঙ্গী পশ্চিম থানাধীন বড়দেওড়া শিংবাড়ী এলাকায় একটি ভাড়া বাসার ফাঁকা কক্ষে নিয়ে যান। পরে দিবাগত রাত ৩টার দিকে তামিমের সহযোগী জামান মণ্ডল ও হাবিবুল্লাহ ওই তরুণীকে পালাক্রমে ধর্ষণ করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার পর ওই তরুণী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে টঙ্গী পশ্চিম থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে এবং চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় তিন অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বুধবার দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
